বাংলার প্রতিচ্ছবি: তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে রংপুর বিভাগের ৪ জেলায় আবারও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এসব নদীর নিম্নাঞ্চলে সম্ভাব্য বন্যা পরিস্থিতির অবণতি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) সকালে পাউবোর নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানির উচ্চতা অনেকটাই বেড়েছে। এর মধ্যে তিস্তা নদীর পানি সকাল ৯টায় রংপুরের কাউনিয়া পয়েন্টে সতর্কসীমায় পৌঁছে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অন্য নদীগুলোর পানিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ক্রমাগত বাড়ছে।
আবহাওয়া সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণ করে পাউবো জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি আরও বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এই সময়ে নদীগুলোর নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও পরবর্তী ৭২ ঘণ্টায় পানি কমতে শুরু করতে পারে।
পাউবোর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানিয়েছেন, জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার এই পূর্বাভাস মাথায় রেখে তাঁরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বন্যার ঝুঁকি এড়াতে নদী নিয়ন্ত্রণ বাঁধের যে সকল স্থান দুর্বল বা ঝুঁকিপূর্ণ রয়েছে, সেগুলো মেরামতের কাজ বর্তমানে দ্রুতগতিতে চলমান রয়েছে।