ঢাকা | ৩০ এপ্রিল ২০২৬ ইং | বঙ্গাব্দ

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: জ্বালানি তেলের ব্যারেল ১২৫ ডলার ছাড়াল

প্রকাশের তারিখ: এপ্রিল ৩০, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728

বাংলার প্রতিচ্ছবি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই স্থগিত হওয়ায় এবং যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১২৫ ডলার ছাড়িয়ে গেছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এটিই তেলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি। মার্কিন বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আগামী জুনে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুডের দাম ৬.২ শতাংশ বেড়ে ১২৫.৩৬ ডলারে পৌঁছেছে। জুলাইয়ের সরবরাহের জন্য দাম ৩.১ শতাংশ বেড়ে হয়েছে ১১৩.৮৫ ডলার। এছাড়া যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ক্রুড অয়েলের দাম ২.৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৯.৩৮ ডলারে দাঁড়িয়েছে। অথচ গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরুর আগে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেল প্রতি মাত্র ৭০ ডলার।

নবম সপ্তাহে গড়ানো এই যুদ্ধের অবসানে এখনো কোনো পরিষ্কার পথ দেখা যাচ্ছে না। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকায় সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। বাজার সংশ্লিষ্টরা আশা করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফরে কোনো রফাদফা হবে, কিন্তু সেই আলোচনা ভেঙে পড়ায় এবং ট্রাম্পের যুদ্ধংদেহী অবস্থানের কারণে দ্রুত সংকট সমাধানের সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে। আইএনজি ব্যাংকের কৌশলবিদদের মতে, হরমুজ প্রণালি পুনরায় চালুর প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করার খবরে বিনিয়োগকারীরা তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা হারিয়ে ফেলছেন।

জ্বালানি তেলের এই অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রভাবে এশিয়ার শেয়ারবাজারেও বড় ধস নেমেছে। টোকিও’র নিক্কেই ২২৫ সূচক ১.৬ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোস্পি ১.১ শতাংশ এবং হংকংয়ের হ্যাং সেং সূচক ১.৩ শতাংশ কমেছে। এছাড়া ভারতের সেনসেক্স ১.২ শতাংশ হ্রাস পেয়েছে। তবে এই সংকটের মধ্যেও চীনের কারখানাভিত্তিক কর্মকাণ্ড কিছুটা সম্প্রসারণের ধারায় রয়েছে, যার ফলে সাংহাই কম্পোজিট সূচকে সামান্য (০.১ শতাংশ) উত্থান দেখা গেছে। তেলের দাম এভাবে বাড়তে থাকলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কমেন্ট বক্স