ঢাকা | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বঙ্গাব্দ

মালয়েশিয়াগামীদের শারীরিক পরীক্ষা শনিবার শুরু, দালাল ও অসাধু এজেন্সির ব্যাপারে সতর্কবার্তা

প্রকাশের তারিখ: অক্টোবর ২৮, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728

বাংলার প্রতিচ্ছবি: মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার বুকভরা আশা নিয়ে লাখো তরুণ প্রস্তুত হলেও সেখানে হানা দিয়েছে দালাল চক্রের প্রতারণার ছায়া। অনুমোদিত সেন্টারের নাম ভাঙ্গিয়ে ভুয়া শারীরিক পরীক্ষা, পাসপোর্ট ও টাকা হাতিয়ে নেওয়ার তৎপরতার মুখে কড়া আইনি হুঁশিয়ারি দিল সরকার। শনিবার থেকে নির্দিষ্ট সেন্টারে মেডিক্যাল টেস্ট শুরুর আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়ে দিল—অনুমোদনহীন কোনো পরীক্ষায় সাড়া দিয়ে প্রতারিত হলে তার দায় নেওয়া হবে না।

মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা আগামী শনিবার (৩১ অক্টোবর) থেকে অনুমোদিত মেডিক্যাল সেন্টারগুলোতে শুরু হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে স্পষ্ট করা হয়েছে, এর আগে কোনো মেডিক্যাল পরীক্ষা করা বা করানো যাবে না এবং অনুমোদিত মেডিক্যাল সেন্টারের তালিকা খুব শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বুধবার (২৮ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকাভুক্ত মেডিক্যাল সেন্টারগুলোর বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার জন্য কর্মীদের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি নির্দেশনা পরিপালন ও সক্ষমতার ভিত্তিতে কিছু মেডিক্যাল সেন্টার তালিকা থেকে বাদ পড়তে বা নতুন করে যুক্ত হতে পারে বলেও উল্লেখ করা হয়।

৩১ অক্টোবরের আগে পরীক্ষা অগ্রহণযোগ্য

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়, ৩১ অক্টোবরের আগে সম্পন্ন করা কোনো মেডিক্যাল পরীক্ষা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বা বিএমইটি প্রক্রিয়াকরণের জন্য গ্রহণযোগ্য হবে না।

মন্ত্রণালয় সতর্ক করে জানায়, ‘কোনো মেডিক্যাল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কর্মীদের মেডিক্যাল পরীক্ষা করাতে পারবে না। কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমতি ছাড়া মেডিক্যাল করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে সরকারের নজরে এসেছে। কর্মীদের এ ধরনের প্রস্তাবে সাড়া না দেওয়ার এবং অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’

বিধি ভাঙলে এজেন্সি ও মেডিক্যাল সেন্টারের লাইসেন্স বাতিল

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত সেন্টারে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র এবং ভিডিআর (VDR) ভিসার নথি জমা দিতে হবে।

নির্দেশনা অমান্যকারী মেডিক্যাল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, অনিয়ম ধরা পড়লে মেডিক্যাল সেন্টারের কার্যক্রম বন্ধ, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী পাঠানোর লাইসেন্স স্থগিত কিংবা অনুমোদন বাতিল করা হতে পারে।

কোনো অবৈধ বা অনুমোদনহীন মেডিক্যাল পরীক্ষার তথ্য জানা থাকলে প্রমাণের বিবরণসহ সরাসরি ইমেইলে (secretary@probashi.gov.bd) অবহিত করতে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। জনস্বার্থে সরকারি এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স