বাংলার প্রতিচ্ছবি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোর থেকে সকালের মধ্যে মহাসড়কের দাউদকান্দি, বুড়িচং ও চান্দিনা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে দাউদকান্দির বারপাড়া এলাকায় অজ্ঞাত এক যানবাহনের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। নিহতরা হলেন— দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার সরকারপুর গ্রামের আব্দুল বারেক (৫৩) ও একই গ্রামের মোস্তফা (৫২)।
এর আগে ভোরে বুড়িচং উপজেলার নিমসার বাজারে একটি চলন্ত ট্রাকের পেছনে অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে উভয় ট্রাকের চালক নিহত হন। তারা হলেন— নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের জহিরুল ইসলাম মঈন (২৭) ও মেহেরপুর সদর উপজেলার কেশবপুর এলাকার সোহেল রানা (৩৫)।
এদিকে জেলার চান্দিনার কাঠেরপুল এলাকায় রাস্তা পার হওয়ার সময় লরির চাপায় প্রাণ হারায় তাইম নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী। সে উপজেলার বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার ও ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।