ঢাকা | ০৬ ফেব্রুয়ারী ২০২৬ ইং | বঙ্গাব্দ

আজ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায়

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারী ৫, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি: জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রায় ঘোষণা করা হবে। সাবেক এমপি সাইফুল ইসলামসহ মোট ১৬ আসামির বিরুদ্ধে এই রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

পুনর্গঠিত ট্রাইব্যুনালে এটি তৃতীয় রায়। গত ১ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আদালত। এর আগে ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়।

এ মামলার ১৬ আসামির মধ্যে আটজন বর্তমানে কারাগারে রয়েছেন। তারা পুলিশের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। বিচার চলাকালে সাত আসামি নিজেদের নির্দোষ দাবি করলেও এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন।

মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। প্রসিকিউশন ৩১৩ পৃষ্ঠার নথি, ৬২ জন সাক্ষী, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণ এবং দুটি পেনড্রাইভ আদালতে উপস্থাপন করে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। পরে পুলিশ ভ্যানে তুলে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, একজন জীবিত থাকলেও তাকেও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।
কমেন্ট বক্স