বাংলার প্রতিচ্ছবি: পারস্য উপসাগরের সংকীর্ণ ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি। আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের এই মূল ধমনিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আবারও তীব্র হচ্ছে সামরিক উত্তেজনা। জলসীমায় বাণিজ্যিক জাহাজে আকস্মিক হামলা বিশ্ব বাণিজ্য ও নিরাপত্তা বিশ্লেষকদের মনে নতুন করে শঙ্কার কালো মেঘ সৃষ্টি করছে।
হরমুজ প্রণালির নিকটবর্তী জলসীমায় যুক্তরাষ্ট্রর সঙ্গে চুক্তিবদ্ধ একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। চলতি সপ্তাহের শুরুর দিকে ঘটা এই হামলায় জাহাজে থাকা বেশ কয়েকজন নাবিক ও ক্রু আহত হয়েছেন বলে বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ নিশ্চিত করেছে। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
ফক্স নিউজকে বিষযটি নিশ্চিত করে সংশ্লিষ্ট দুটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই হামলায় চারটি ইরানি ড্রোন এবং অন্তত একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি জাহাজটিতে গিয়ে আঘাত হানে।
হামলার ফলে জাহাজে থাকা কর্মীদের সামান্য শারীরিক আঘাত ও ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। আহতদের বর্তমানে একটি অজ্ঞাত উপসাগরীয় দেশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার সময় ওই জাহাজে বেশ কয়েকজন মার্কিন কর্মীও উপস্থিত ছিলেন।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ বিষয়ে আনাদোলু এজেন্সির মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি। ইউএস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ডও এ সম্পর্কিত প্রশ্ন সেন্টকমের কাছে পাঠিয়েছে।
তবে চাঞ্চল্যকর এই ঘটনার বিষয়ে ওয়াশিংটন বা তেহরান—কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।