বাংলার প্রতিচ্ছবি: বঙ্গভবনের সুসজ্জিত চত্বরে বেজে উঠছে সামরিক ব্যান্ড, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন সেনাদলের সুশৃঙ্খল সদস্যরা। লাল গালিচা আর সুসজ্জিত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতিকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। বাংলাদেশের নির্বাচন ও রাজনীতি নিয়ে চলমান নানা আলোচনা-পর্যালোচনার মধ্যে বঙ্গভবনের এই রাজকীয় অভিবাদনই তুলে ধরছে নতুন মেয়াদের এক নতুন অধ্যায়ের সূচনা।
প্রথম কর্মদিবসে যোগ দিতে আজ রবিবার বেলা ১১টার পর বঙ্গভবনে প্রবেশ করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে পৌঁছালে তাকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়।
এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে নতুন রাষ্ট্রপতির গাড়ি বহর বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হয়। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে হারিয়ে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন সম্পন্ন হওয়ার দিনই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তার নামে সরকারি গেজেট প্রকাশ করা হয়। এরপরের দিন শুক্রবার (২১ আগস্ট) তিনি শপথ গ্রহণ করেন।