বাংলার প্রতিচ্ছবি: ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনার ‘গুজব রটিয়ে’ নির্মমভাবে পিটিয়ে হত্যা করা ট্রাকচালক হান্নান শেখের শিশু সন্তানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৫ মে) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামে নিহত চালকের বাড়িতে গিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান।
উল্লেখ্য, গত ১ মে রাতে নগরকান্দা উপজেলার বিলনালিয়া এলাকায় হান্নান শেখের ট্রাক বহু পথচারীকে ধাক্কা দিয়েছে—এমন একটি অভিযোগ ছড়িয়ে পড়লে স্থানীয়রা রাস্তা অবরোধ করে তাকে ট্রাক থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হান্নান শেখ ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তার দুই বছর বয়সী কন্যা মোসলেমা বর্তমানে দাদা-দাদীর কাছে বড় হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান জানান, হান্নানের মৃত্যু ও তার পরিবারের অসহায়ত্বের খবর গণমাধ্যমে এলে বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরের দৃষ্টিগোচর হয়। এরপরই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এতিম শিশু মোসলেমার লালন-পালনের যাবতীয় খরচ বহনের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে হান্নানের বাড়িতে গিয়ে তার বাবা শাহিদ শেখ ও মা নার্গিস বেগমের হাতে নগদ অর্থ, খাদ্য সামগ্রী এবং শিশুটির জন্য খেলনা তুলে দেওয়া হয়।
এ সময় বোয়ালমারী উপজেলা প্রকল্প কর্মকর্তা মানষ বোস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যানও তার পরিষদের পক্ষ থেকে শিশুটিকে নিয়মিত সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। সরকারের এই তাৎক্ষণিক উদ্যোগে শোকাতুর পরিবারটি কিছুটা আশার আলো দেখছে।