ঢাকা | ১৮ এপ্রিল ২০২৬ ইং | বঙ্গাব্দ

এক দশক পর বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল

নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস!

প্রকাশের তারিখ: এপ্রিল ১৮, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728

বাংলার প্রতিচ্ছবি:  দীর্ঘ ১০ বছর পর সপ্তম জাতীয় কেন্দ্রীয় কাউন্সিল করতে যাচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি। দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ঈদুল আজহার পর এই বড় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় কমিটি। ২০১৬ সালের ১৯ মার্চ সর্বশেষ ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর কাউন্সিল হওয়ার কথা থাকলেও জাতীয় ও আন্তর্জাতিক নানা প্রতিকূলতায় দীর্ঘ এক দশক তা সম্ভব হয়নি। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবার বর্ণাঢ্য আয়োজনে নতুন নেতৃত্ব নির্বাচনের পরিকল্পনা করছে দলটি।

দলীয় সূত্রে জানা গেছে, এবারের কাউন্সিলে সবচেয়ে বড় আলোচনা থাকছে শীর্ষ দুই পদ নিয়ে। গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হয়ে গত ৯ জানুয়ারি দলের চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। অন্যদিকে ২০১৬ সাল থেকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানিয়েছেন, চেয়ারম্যান ও মহাসচিব—উভয় পদেই স্বচ্ছতার ভিত্তিতে নতুন করে নির্বাচন হবে। তবে তারেক রহমান ও মির্জা ফখরুলের ওপরই দলের বড় অংশের আস্থা রয়েছে বলে গুঞ্জন রয়েছে।

এবারের কাউন্সিলে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে বড় ধরনের রদবদল ও শূন্যপদ পূরণের সম্ভাবনা রয়েছে। বর্তমানে ১৯টি পদের মধ্যে বেশ কিছু শূন্য রয়েছে। নতুন করে স্থায়ী কমিটিতে আসার দৌড়ে আলোচনায় আছেন রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু, জয়নুল আবদিন, জয়নুল আবদীন ফারুক, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুন নবী খান সোহেলের মতো নেতারা। এমনকি পরিবর্তিত প্রেক্ষাপটে স্থায়ী কমিটির সদস্য সংখ্যা বাড়ানোর প্রস্তাবও আসতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "অতীতের ফ্যাসিবাদের সময় আমাদের সাংগঠনিক কাজে অনেক প্রতিকূলতা ছিল, ফলে কাউন্সিল হতো সাদামাটা। কিন্তু এবারের কাউন্সিল হবে উৎসবমুখর এবং দলের সর্বস্তরে যোগ্য ও ত্যাগী নেতৃত্ব আসবে।" ১৯ সেপ্টেম্বর ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছয়টি কাউন্সিল করেছে বিএনপি। বর্তমান চেয়ারম্যান তারেক রহমান গত ২৫ ডিসেম্বর ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর এটিই হবে তার প্রথম কোনো সরাসরি সাংগঠনিক বড় পরীক্ষা। শিগগিরই এই কাউন্সিলের আনুষ্ঠানিক পথনকশা ঘোষণা করা হবে বলে জানা গেছে।

কমেন্ট বক্স