ঢাকা | ০৬ এপ্রিল ২০২৬ ইং | বঙ্গাব্দ

ধর্ম অবমাননার মামলায় জামিন পেলেন বাউল আবুল সরকার

প্রকাশের তারিখ: এপ্রিল ৬, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি: ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকার। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিনের এই আদেশ দেন। একই সঙ্গে আবুল সরকারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

এর আগে গত বছরের ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর চলাকালীন আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন মানিকগঞ্জের ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে ১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আরও একটি মামলা করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের একটি মেলার মঞ্চে গান পরিবেশনের সময় আবুল সরকার মহান আল্লাহকে নিয়ে অশ্রদ্ধা ও কটূক্তিপূর্ণ মন্তব্য করেছেন, যা বাদীর ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে। মামলায় দণ্ডবিধির ১৮৬০-এর ২৯৫ এবং ২৯৫ (ক) ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। দীর্ঘ সময় কারাগারে থাকার পর আজ উচ্চ আদালত থেকে জামিন পেলেন এই বাউল শিল্পী। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জামিনের আনুষ্ঠানিক কাগজপত্র কারাগারে পৌঁছালে দ্রুতই তিনি মুক্তি পেতে পারেন। তবে স্থায়ী জামিন প্রশ্নে জারি করা রুলের জবাব দিতে বিবাদীদের নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট।
কমেন্ট বক্স