ঢাকা | ০১ এপ্রিল ২০২৬ ইং | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত ১৪ হাজার লিটার ডিজেল জব্দ, দুইজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ: এপ্রিল ১, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি অভিযানে অবৈধভাবে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন ও বিজিবি। মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত মেঘনা ডিপো সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপোর পাশে একটি অটোরিকশার গ্যারেজে প্রথম অভিযানটি চালানো হয়। সেখান থেকে ৯ হাজার ১০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টতার দায়ে সিফাত গাজী নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে দিবাগত রাত ১২টার দিকে মেঘনা ডিপো সংলগ্ন বাসস্ট্যান্ড রোড এলাকার একটি বাড়িতে দ্বিতীয় দফায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং ঘটনার সাথে জড়িত নাসির (৫০) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়ন যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে। দণ্ডপ্রাপ্তরা বাংলাদেশ পেট্রোলিয়াম আইনের অধীনে অপরাধ করায় তাদের এই সাজা প্রদান করা হয়েছে।

অভিযানকালে নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জব্দকৃত ডিজেল বর্তমানে সরকারি হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

কমেন্ট বক্স