বাংলার প্রতিচ্ছবি: আগামী পহেলা বৈশাখের আগেই বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, “বগুড়া-৬ এর উপনির্বাচন এবং শেরপুর-৩ এর নির্বাচন শিগগিরই হবে ইনশাল্লাহ। ১৪ এপ্রিল অর্থাৎ, পহেলা বৈশাখের আগেই যাতে হয় সে ব্যবস্থা করা হচ্ছে। কারণ, পহেলা বৈশাখে সাধারণত ঝড়-তুফান হয়ে থাকে। এজন্য এর আগেই করার চেষ্টা আমরা করছি।”
স্থানীয় সরকার নির্বাচন ও সংরক্ষিত নারী আসনে নির্বাচনও কি একই সময় হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, “সংরক্ষিত নারী আসনের ভোট তো ইতোমধ্যেই শুরুই হয়ে গেছে। কারণ, এটা মূলত যারা সংসদের প্রতিনিধিত্বকারী দল তাদের নির্বাচন। তারা যাদেরকে মনোনীত করবেন আমরা মূলত ধরে নিতে পারি ওইটাই নির্বাচন। তারা বোধ হয় ইতোমধ্যে শুরু করে দিয়েছে। তবে, আনুষ্ঠানিকভাবে শপথের থেকে ৯০ দিনের মধ্যে এটা করার কথা।”
সংরক্ষিত নারী আসনের তফসিল কবে হবে জানতে চাইলে রহমানেল মাছউদ বলেন, “শিগগিরই দিবো, ৯০ দিনের মধ্যে। সময় তো আছে। আর ভোটাভুটি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। কারণ, রাজনৈতিক দলগুলো যাকে নমিনেশন দিবে সেটাই ভোটাভুটি। আমরা একটা ফরমালি করবো।”
উপনির্বাচনে পোস্টাল ব্যালট থাকছে কি না জানতে চাইলে ইসি তিনি বলেন, “পোস্টাল ব্যালট উপনির্বাচনেও চলবে। একটায় তো আমরা দিয়েই দিয়েছি। সেটা তো ভোট হয় নাই। আরেকটা বগুড়ার যেটা সেটা আমরা পোস্টাল ব্যালট দেবো।” সেক্ষেত্রে নিবন্ধনের সময় কতটুকু থাকবে জানতে চাইলে ইসি মাছউদ বলেন, “নিবন্ধন যারা করেই ফেলছে সেগুলো তো আছেই। তাদের কাছে শুধু আমরা ব্যালট পেপার পাঠাবো। আর হয়তোবা দুই চারদিন সময় দেওয়া যেতে পারে।”
রোজার মধ্যে সংরক্ষিত আসনের তফসিল পাঠানো সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়টা আমরা এখনও সঠিকভাবে বলতে পারি না। যত তাড়াতাড়ি সম্ভব।” স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে ইসির ভাবনা জানতে চাইলে এ নির্বাচন কমিশনার বলেন, “অধ্যাদেশের মাধ্যমে পার্টি নমিনেটেড মেয়র প্রার্থীর বিষয়টি বাদ দেওয়া হয়েছে। এখন পার্লামেন্ট বসবে। পার্লামেন্টে বিষয়টি পরিবর্তন না হলে সেটা ওইভাবে হবে। উই আর ওয়েটিং ফর পার্লামেন্ট সেশন।”