বাংলার প্রতিচ্ছবি:‘একুশ হলো প্রেরণা, একুশ হলো শক্তি, একুশ হলো অমর’ । ভাষা আন্দোলনের প্রেরণা নিয়েই আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ। আর সেখান থেকেই মুক্ত বাংলাদেশ। বাংলা ভাষার জন্য আমরা জীবন দিয়েছি। বাংলাদেশ যতদিন থাকবে, তত বেঁচে থাকবেন ভাষা জন্য শহীদ হওয়া বীর সন্তানেরা।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ এই অভিব্যক্তি প্রকাশ করে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সুফিয়ান বলেন, ভাষা আন্দোলন হলো আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল সূতিকাগার। এই প্রেরণা আমাদের স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়েছে। পরিশেষে আমরা পরাধিনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছি।
তিনি বলেন, আমরা সেই বীরের জাতি, যারা ভাষার জন্য লড়াই-সংগ্রাম করেছি। আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব বীরদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত ইসলাম বলেন, ভাষা আন্দোলন বাঙালির স্বাধীকার আন্দোলনের বীজ বপন। এখান থেকে আমরা পরবর্তী সব আন্দোলনের প্রেরণা পাই।
তিনি বলেন, রক্ত দিয়ে যখন আমরা ভাষা পেলাম, তখন রক্ত দিয়েই যে সব অর্জন করতে হবে তা বাঙালি বুঝে গিয়েছিল। তখন থেকে বাঙালির মুক্তির জন্য একেক পটভূমি রচিত হয়, আর আমরা জয়লাভ করতে থাকি। সর্বশেষ এই প্রেরণা থেকে আমরা মহান স্বাধীনতা লাভ করি। সুতরাং একুশ হলো প্রেরণা, একুশ হলো শক্তি।
বেসরকারি ব্যাংকের কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, একুশ হলো আমাদের প্রেরণা। তাই প্রতিবার এই দিনে আমি শহীদ মিনারে আসি। আমার ছেলে-মেয়েকে দেখাই। তারা যেন মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। তারা যেন বাংলাদেশ জন্মের সত্যিকারের ইতিহাস জানে।
তিনি বলেন, ইতিহাস বিকৃতির যেন হিড়িক দেখা যাচ্ছে। কিন্তু আমরা সত্যিকারের ইতিহাস জানি। ইতিহাসে যার যা প্রাপ্য সেটাই দেওয়া উচিৎ।
প্রসঙ্গত, আজ ২১ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ নানা সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। আর ভোরের আলো ফুটতেই শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল নামে।