বাংলার প্রতিচ্ছবি: মৌলভীবাজারে পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দুই জন।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– সিএনজি অটোরিকশাচালক আলী নুর, যাত্রী রুবেল মিয়া ও রেহান মিয়া। চালক আলী নুরের বাড়ি কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কালেঙ্গা গ্রামে। রুবেল ও রেহানের বাড়ি মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকায়। তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি। তারা সিএনজির যাত্রী ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুজন নিহত হন। পরে খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।