বাংলার প্রতিচ্ছবি: আব্দুর রউফ গাজী (নীলফামারী জেলা প্রতিনিধি) : নীলফামারীর জলঢাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে পৌর শহরের পৃথক পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জলঢাকা পৌরসভার আল-হারামাইন মসজিদপাড়া এলাকার আজিজুল ইসলাম এর ছেলে রবিউল ইসলাম (৩২) এবং পৌরসভার ৫নং ওয়ার্ড আমরুল বাড়ি এলাকার প্রয়াত রশিদুল ইসলাম এর ছেলে গোলাম কিবরিয়া কিবু (৪২)।
সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মাহমুদের নেতৃত্বে পুলিশকে সঙ্গে নিয়ে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটককৃতদের কাছ থেকে নগদ ১০ হাজার ১৪০ টাকা, তিনটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৮টি পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে জলঢাকা পৌর শহরসহ আশপাশের এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জলঢাকা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।