বাংলার প্রতিচ্ছবি: রামাল্লার জলপাই বাগানগুলোতে প্রতিবছর উৎসবের আমেজ থাকলেও চরমপন্থী বসতি স্থাপনকারীদের তণ্ডবলীলায় এখন তা বিষাদে পরিণত হয়েছে। ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হওয়া সেই জনপদে এবার স্বচক্ষে নির্যাতনের দৃশ্য ধারণ করতে গিয়ে রক্ত ঝরাতে হলো মার্কিন নারী সাংবাদিককে। ইউরোপীয় কূটনীতিক থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এমন বেপরোয়া ও সহিংস আচরণ মধ্যপ্রাচ্যে মার্কিন প্রশাসনের কূটনীতিকদেরও নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে।
ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে চরমপন্থী বসতি স্থাপনকারীদের অব্যাহত সহিংস হামলা ঠেকাতে ইসরায়েলকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে সেখানে এক মার্কিন নারী আলোকচিত্রী আক্রান্ত হওয়ার ঘটনায় ওয়াশিংটন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও বলেন, ‘আমরা এসব ছবি ও যা দেখছি, তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। আমরা ইসরায়েলিদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছি এবং এখনও বলে যাচ্ছি।’
মার্কিন সাংবাদিকের ওপর হামলা
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের মার্কিন আলোকচিত্রী হেইডি লেভিনের ওপর চরমপন্থী বসতি স্থাপনকারীদের হামলার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এই কড়া বার্তা এলো।
গত শুক্রবার (১৬ অক্টোবর) একাধিক চরমপন্থী ব্যক্তি হেইডি লেভিনের ওপর অতর্কিত হামলা চালায়। মূলত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের চিত্র ধারণ করার সময় এ হামলার ঘটনা ঘটে। এতে লেভিনসহ অন্তত দুজন আহত হন।
এদিকে পশ্চিম তীরে পৃথক আরেকটি সহিংস ঘটনায় ইউরোপীয় কূটনীতিক ও ফ্রান্সের এক মেয়রও বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী।
তথ্য সংগ্রহের নির্দেশ ওয়াশিংটনের
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও জানান, সাংবাদিক হেইডি লেভিনের ওপর হামলাসহ সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দফতর খোঁজখবর নেওয়া শুরু করেছে। উজবেকিস্তানের উদ্দেশে বিমানে ওঠার আগে সাংবাদিকদের তিনি বলেন, জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে এ বিষয়ে দ্রুত বিস্তারিত তথ্য পেতে যাচ্ছেন তারা।
জলপাই মৌসুমে বাড়ল সহিংসতা
ইসরায়েলি বসতি পর্যবেক্ষণকারী বামপন্থী সংস্থা ‘ইয়েশ দিন’-এর তথ্য অনুযায়ী, বাৎসরিক জলপাই সংগ্রহের মৌসুম শুরু হওয়ার পর থেকে অর্থাৎ গত ২৭ সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অন্তত ১৭০টি হামলা চালিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, মৌসুমি ফসল সংগ্রহের সময়ে প্রায় প্রতিবছরই ফিলিস্তিনিদের জমি ও জীবনের ওপর হামলা জোরদার করে এসব উগ্রপন্থীরা।