ভুক্তভোগী শিক্ষকের নাম মামুন আল কোরেশী। তিনি ২৭তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা এবং বর্তমানে নরসিংদী সরকারি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ঢাকার ক্যান্টনমেন্টের ৭২/১১, উত্তর মানিকদি (বালুরঘাট) এলাকার একটি বাসায় তিনি পরিবারসহ বসবাস করেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার সদর উপজেলায়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার ছুটিতে শিক্ষক মামুন আল কোরেশী সপরিবারে কুড়িগ্রামে নিজ গ্রামের বাড়িতে গিয়েছিলেন। এই সুযোগে ফাঁকা বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোর চক্র। আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ ৫০ হাজার টাকা, প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, একটি ল্যাপটপ এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয় তারা।
খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির এই ঘটনার পর থেকে ওই এলাকায় নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে।
ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাসার ও আশেপাশের সিসিটিভি (CCTV) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজে সন্দেহভাজন চোরের চেহারা দেখা গেলেও, এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। অপরাধীকে শনাক্ত ও লুটে নেওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।