বাংলার প্রতিচ্ছবি. প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
সারা দেশের ন্যায় বাগেরহাট জেলাতেও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। প্রশাসনের কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ছাত্রদলের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে জেলায় পরীক্ষার পরিবেশ স্বাভাবিক ও সুশৃঙ্খল রয়েছে।
আজ সকাল থেকে শুরু হওয়া এ পরীক্ষায় বাগেরহাট জেলায় অংশ নিয়েছে মোট ১৮ হাজার ১ জন পরীক্ষার্থী। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১২ হাজার ৫৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে ১ হাজার ৫২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ হাজার ৪২১ জন শিক্ষার্থী রয়েছে।
জেলার ৯টি উপজেলার ৫২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনী এবং শিক্ষা বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকিতে রয়েছেন।
পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করা এবং অভিভাবকদের দুর্ভোগ কমাতে মাঠে নেমেছে জেলা ছাত্রদল। তারা বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করছে, যা ইতোমধ্যে সবার দৃষ্টি কেড়েছে।
পরীক্ষার্থী মুন্সী শেখ বলেন, ভুল করে অন্য কেন্দ্রে চলে যাওয়ায় তিনি বিপাকে পড়েছিলেন। পরে ছাত্রদলের সদস্যরা তাকে দ্রুত মোটরসাইকেলে করে সঠিক কেন্দ্রে পৌঁছে দেন।
দীপা দাস নামে আরেক শিক্ষার্থী জানান, তীব্র গরমে ছাত্রদল তাদের জন্য পানীয় পানি সরবরাহ করছে এবং অভিভাবকদের জন্য ছাউনি তৈরি করেছে, যা অত্যন্ত উপকারী হয়েছে।
অভিভাবক মো. আব্দুল করিম বলেন, আগে গরমে দাঁড়িয়ে থাকতে হতো, এখন বসার জায়গা ও পানির ব্যবস্থা থাকায় স্বস্তি পাচ্ছি। রহিমা বেগম বলেন, সন্তানের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন থাকলেও এখানে এসে সহযোগিতা পেয়ে স্বস্তি অনুভব করছি।
জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন বলেন, পরীক্ষার্থীদের কোনো ধরনের ভোগান্তি এড়াতে তারা ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করছেন। কেউ অসুস্থ হলে বা কেন্দ্র খুঁজে পেতে সমস্যা হলে হেল্পলাইনের মাধ্যমে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা, বিনামূল্যে পানি ও স্যালাইন বিতরণ করা হচ্ছে, যাতে প্রচণ্ড গরমে কেউ অসুস্থ না হন।
কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মতে, ছাত্রদলের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বসার জায়গা ও পানির সুবিধায় অনেকটা স্বস্তি মিলেছে।
সংশ্লিষ্টদের ধারণা, প্রশাসনের কঠোর তদারকি এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতার ফলে বাগেরহাটে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে।