ঢাকা | ০৯ এপ্রিল ২০২৬ ইং | বঙ্গাব্দ

এসি বাসের ভাড়া ডিজিটাল ডিসপ্লেতে দেখানোর উদ্যোগ

ভারত থেকে আসছে ২০০ রেল কোচ

প্রকাশের তারিখ: এপ্রিল ৯, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728

বাংলার প্রতিচ্ছবি.  সংসদ প্রতিবেদক: শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন এবং তা বাসের অভ্যন্তরে ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তরটি টেবিলে উত্থাপিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন ও বিধিমালা অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় পরিবহন কমিটি গঠন করা হয়েছে। সরকারের পূর্বানুমোদনক্রমে গণপরিবহনের ভাড়ার হার নির্ধারণ করা হয় এবং তা বিআরটিএ-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বর্তমানে নন-এসি বাসের ভাড়ার তালিকা কার্যকর থাকলেও দ্রুততম সময়ের মধ্যে এসি বাসের ভাড়ার তালিকা প্রণয়ন এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল ডিসপ্লের ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই দিনে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শেখ রবিউল আলম রেল বহর বাড়ানোর বিষয়ে বড় সুখবর দিয়েছেন। ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে তিনি জানান, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০টি ব্রডগেজ কোচ সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে এই কোচগুলো বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে। কোচগুলো হাতে পাওয়া সাপেক্ষে ফরিদপুর ও গোপালগঞ্জ রুটে নতুন ট্রেন পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

তবে রেলে চলমান সংকট নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পশ্চিমাঞ্চলে বর্তমানে ইঞ্জিন, কোচ ও ক্রুর তীব্র সংকট রয়েছে। এই কারণে ১৯টি মেইল বা কমিউটার এবং ২১টি লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে। এই সংকট মোকাবিলায় নতুন কোচ ও ইঞ্জিন সংগ্রহের প্রক্রিয়া জোরদার করা হয়েছে। বর্তমানে বনলতা এক্সপ্রেসের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের মানুষ সরাসরি ঢাকা যাতায়াত করতে পারছেন এবং নতুন কোচ এলে এই সুবিধা আরও সম্প্রসারিত করা হবে।

কমেন্ট বক্স