বাংলার প্রতিচ্ছবি:মার্কিন অর্থলগ্নিকারী ও দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত নতুন নথি প্রকাশের পর তোলপাড় চলছে বিশ্বজুড়ে। এই প্রেক্ষাপটে নড়েচড়ে বসেছে ভারত তথা বলিউডও। প্রতিক্রিয়া জানাচ্ছেন বলিউড তারকারা। তবে এক্ষেত্রে আলাদা নজর কেড়েছে কণ্ঠশিল্পী চিন্ময়ী শ্রিপাদার মন্তব্য।
চিন্ময়ী স্পষ্ট ভাষায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একজন মৃত মানুষের নথি না দেখা পর্যন্ত হাজার জীবিত নারীর কথা মানুষ বিশ্বাস করে না!’
তিনি প্রশ্ন তুলেছেন, দীপক চোপড়ার নাম সামনে আসার পর এপস্টেইন ফাইলসে আর কত প্রভাবশালী ভারতীয়ের নাম উঠে আসবে?
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এপস্টেইন ফাইলসের নতুন নথি নিয়ে প্রতিক্রিয়া জানান চিন্ময়ী। প্রায় ৬ মিলিয়ন পৃষ্ঠার এসব নথিতে এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত যোগাযোগ, ইমেইল ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নামের উল্লেখ রয়েছে।
নতুন প্রকাশিত নথিতে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখক ও আধ্যাত্মিক চিন্তাবিদ দীপক চোপড়ার নাম উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হয়, এপস্টেইনকে পাঠানো একটি ইমেইলে চোপড়া লিখেছেন, ‘ঈশ্বর একটি কনস্ট্রাক্ট, সুন্দরী মেয়েরা বাস্তব।’
এদিকে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে এপস্টেইন দীপক চোপড়াকে একটি ইমেইল পাঠিয়েছিলেন, যেখানে লেখা ছিল, ‘লিওনার্দো ডিক্যাপ্রিও উডি অ্যালেনের সঙ্গে ডিনার করতে চাইতে পারে।’ জবাবে চোপড়া লেখেন, ‘সে আশপাশে থাকলে আমি জিজ্ঞেস করতে পারি।’ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এপস্টেইন ও চোপড়ার মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল।
এই প্রেক্ষাপটে এক্সে (সাবেক টুইটার) চিন্ময়ী লেখেন, ‘এপস্টেইন ফাইলসে দীপক চোপড়া। ভাবছি, এর পর আরও কত প্রভাবশালী ভারতীয়ের নাম প্রকাশ পাবো।’
পরে আরেকটি পোস্টে তিনি যৌন নির্যাতনের হাজারো ভুক্তভোগীর বক্তব্যকে এতদিন অবিশ্বাস করার সংস্কৃতির কড়া সমালোচনা করেন। তার ভাষায়, ‘একজন মৃত মানুষের নথি না দেখা পর্যন্ত হাজার জীবিত নারীর কথা মানুষ বিশ্বাস করে না—এটাই বলে দেয়, কার কণ্ঠস্বরকে মূল্য দেওয়া হয় আর কারটা দেওয়া হয় না।’
এপস্টেইন ফাইলস প্রকাশের পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের একাধিক তারকাও। কঙ্গনা রনৌত ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘এপস্টেইন ফাইলস পড়া ও দেখা ভীষণভাবে নাড়া দেওয়ার মতো।’
অভিনেত্রী স্বরা ভাস্কর এক্সে লেখেন, এই নথিগুলো প্রকাশ পাওয়ার পর তার মানসিক অবস্থা ‘বিস্ফোরিত’ হয়ে যাচ্ছে। তিনি ক্ষমতা, অর্থ ও জবাবহীনতার ভয়াবহ দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এছাড়া বিগ বস ১৯–এর প্রতিযোগী মালতি চাহারও এপস্টেইন ফাইলসকে ‘অমানবিক ও ভীষণ বিরক্তিকর’ বলে মন্তব্য করেন।
বলা ভালো, ২০১৫ সালের একটি মানহানি মামলার সূত্রে ২০২৩ সালে আদালতের নির্দেশে এপস্টেইন–সংক্রান্ত নথি প্রকাশের প্রক্রিয়া শুরু হয়। এর কিছু অংশ প্রকাশিত হয় ২০২৪ সালের জানুয়ারিতে। ২০২৫ সালে ব্লুমবার্গ নিউজ আলাদাভাবে হাজারো ইমেইল সংগ্রহ করে, যেগুলো আরও বিস্ফোরক বলে দাবি করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট কমিটিও একই বছরে নথি প্রকাশ শুরু করে।
সবশেষে, চলতি বছরের ৩০ জানুয়ারি মার্কিন বিচার বিভাগ এপস্টেইন সংক্রান্ত ৩০ লাখের বেশি নথি প্রকাশ করে।