বাংলার প্রতিচ্ছবি:
রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা জহিরুল ইসলাম জহিরের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত ভেন্টিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা এবং সাড়ে তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে আটক করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) ভোররাতে রাজধানীর ফিউচার হাউজিংয়ের ২ নম্বর রোডের ২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জহিরুল ইসলাম জহির জানান, ঘটনার সময় তিনি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে অন্য একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। যে কক্ষে টাকা ও স্বর্ণালংকার রাখা ছিল, দুর্বৃত্তরা সুকৌশলে সেই কক্ষের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা। তিনি আরও জানান, সকালে ঘুম থেকে উঠে ওই কক্ষে গিয়ে সবকিছু এলোমেলো দেখতে পান। পাশাপাশি কক্ষের ভেন্টিলেটর ভাঙা অবস্থায় দেখে তাদের সন্দেহ হয় এবং সঙ্গে সঙ্গেই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।