প্রিন্ট এর তারিখঃ Oct 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2026 ইং
প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ সাংবাদিকের ছেলে প্রিতম

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে প্রিতম মন্ডল (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান না পেয়ে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে পরিবার। নিখোঁজ প্রিতম সাংবাদিক প্রিন্স মন্ডল অলিফের একমাত্র ছেলে।
প্রিতম চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার নিখোঁজের ঘটনায় বাবা প্রিন্স মন্ডল অলিফ চিতলমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮৩২) করেছেন। পুলিশ জানিয়েছে, নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে বের করতে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় প্রিতম। এরপর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে আসেনি। প্রথমে পরিবারের সদস্যরা পরিচিতজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানান এবং থানায় সাধারণ ডায়েরি করেন।
প্রিতমের নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন। একমাত্র ছেলেকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, পরিচিতজনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
নিখোঁজের সময় প্রিতমের পরনে ছিল সাদা ফুলহাতা চেক শার্ট, কালো প্যান্ট ও কালো স্যান্ডেল। তার মুখের ডান পাশে নাকের নিচে একটি কালো তিল রয়েছে। এ ছাড়া তার গলায় তুলসীর মালা ছিল। কেউ তাকে দেখে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
প্রিতমের সন্ধান পেলে তার বাবা সাংবাদিক প্রিন্স মন্ডল অলিফের মোবাইল নম্বর ০১৭১১৯৭৭৩৬৯-এ যোগাযোগ করতে অনুরোধ করেছে পরিবার।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম জানান, প্রিতমের নিখোঁজের ঘটনায় তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে বের করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি