
বাংলার প্রতিচ্ছবি: হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুটি তেলবাহী সুপারট্যাঙ্কারে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, সতর্কবার্তা উপেক্ষা করে একটি ‘মাইন পাতা পথ’ দিয়ে পার হওয়ার চেষ্টা করায় ওই দুটি ‘আইন লঙ্ঘনকারী’ জাহাজে হামলা চালিয়ে সেগুলোকে অচল করে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর নিশ্চিত করেছে।
আইআরজিসি’র দাবি ও সতর্কতা: ইরানের গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আক্রান্ত সুপারট্যাঙ্কার দুটি তাদের দেওয়া স্পষ্ট সতর্কবার্তা উপেক্ষা করেছিল। এ ছাড়া জাহাজ দুটি নিজেদের নেভিগেশন বা দিকনির্দেশনা ব্যবস্থা বন্ধ করে দিয়ে একটি মাইন পাতা বিপজ্জনক পথ ব্যবহার করার চেষ্টা করছিল।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উসকানি ও বৈশ্বিক সংকটের হুঁশিয়ারি: বিবৃতিতে আইআরজিসি মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর দায় চাপিয়ে আরও বলেছে, বাণিজ্যিক জাহাজগুলোকে ওয়াশিংটন ক্রমাগত ‘অবৈধ পথ ব্যবহারের জন্য উসকানি দিচ্ছে’। তাদের দাবি, এই আগ্রাসী শত্রুর সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতা কেবল সংশ্লিষ্টদের ক্ষয়ক্ষতিই বাড়াবে না, বরং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার প্রক্রিয়াকে আরও বিলম্বিত করবে এবং এর জেরে বিশ্বজুড়ে একটি বড় ধরনের বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হবে।