
বাংলার প্রতিচ্ছবি: পুরান ঢাকার লালবাগে বাসাভাড়া বকেয়া পড়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় মো. স্বপন (৬২) নামে এক কসমেটিকস ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার (১৩ জুলাই) ভোরে লালবাগের আজিমপুর সরকারি মেডিক্যাল স্টাফ কোয়ার্টারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় রিজভী ও রোহান নামে দুইজনকে আটক করেছে পুলিশ। লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণ: নিহতের বড় ভাই রাজা মো. সেলিম জানান, তাঁরা দুই ভাই আজিমপুর মেডিক্যাল সরকারি স্টাফ কোয়ার্টারে রিজভী নামে এক ব্যক্তির ফ্ল্যাটে সাবলেট থাকতেন এবং বিভিন্ন দোকানে কসমেটিকস পণ্য সরবরাহ করতেন। গত মাসের বাসাভাড়ার মধ্যে মাত্র ১ হাজার টাকা বকেয়া ছিল। রাতে রিজভী ওই টাকা দাবি করলে তাঁরা দু-একদিনের মধ্যে তা পরিশোধের আশ্বাস দেন। কিন্তু রিজভী তা মেনে না নিয়ে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
সোমবার ভোরের দিকে এই টাকা নিয়ে রিজভী ও তাঁর চাচাতো ভাই রোহানের সঙ্গে সেলিম ও স্বপনের পুনরায় বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বাধা দিতে গেলে প্রথমে সেলিমকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। এরপর স্বপন এগিয়ে এলে তাঁকে টেনেহিঁচড়ে স্টাফ কোয়ার্টারের সামনের একটি মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও বুকে উপর্যুপরি লাথি মেরে গুরুতর আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আইনি পদক্ষেপ: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। লালবাগ থানার এসআই মতিয়ার রহমান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।