
বাংলার প্রতিচ্ছবি: কর নথি বা ফাইল অডিটের ভয় দেখিয়ে করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এমন সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে করদাতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (৫ জুলাই) এনবিআরের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
সম্প্রতি লক্ষ্য করা গেছে, এক শ্রেণীর প্রতারক বিভিন্ন অননুমোদিত মোবাইল নম্বর থেকে করদাতাদের ফোন করে দাবি করছে যে তাদের কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে। পরবর্তীতে অডিট থেকে অব্যাহতি দেওয়া কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে করদাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে এনবিআর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে তাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর কিংবা অন্য কোনো অনানুষ্ঠানিক মাধ্যমে করদাতার সঙ্গে যোগাযোগ করেন না। দেশের প্রচলিত আইন অনুযায়ী, কোনো কর ফাইল অডিটের জন্য নির্বাচিত হলে কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই সংশ্লিষ্ট করদাতাকে বিষয়টি জানানো হয়।
এনবিআর আরও মনে করিয়ে দিয়েছে যে, কর-সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি কেবল সরকারি চালানের মাধ্যমে সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। এনবিআরের কোনো কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদসহ কোনো মোবাইল ব্যাংকিং বা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের কোনো আইনি এখতিয়ার নেই।
তাই এ ধরনের কোনো সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার জন্য করদাতাদের অনুরোধ জানানো হয়েছে। একই সাথে কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে প্রতারকের ফোন নম্বরটি সংরক্ষণ করে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে এনবিআর সম্পূর্ণরূপে বদ্ধপরিকর।