
বাংলার প্রতিচ্ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে লাখো ইরানির কান্না দেখে গভীর বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম 'অ্যাক্সিওস'-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প মন্তব্য করেন, তিনি ভেবেছিলেন ইরানের সাধারণ মানুষ খামেনিকে ‘ঘৃণা’ করে। তবে স্বভাবসুলভ তুচ্ছতাচ্ছিল্য করে তিনি আরও যোগ করেন, এই কান্নার পুরোটাই হয়তো ‘মায়াকান্না’ হতে পারে। এনডিটিভির বরাতে এই তথ্য জানা গেছে।
সাক্ষাৎকারে ট্রাম্প অত্যন্ত উসকানিমূলক মন্তব্য করে বলেন, খামেনির জানাজা অনুষ্ঠান চলাকালে ইরানের অবশিষ্ট পুরো নেতৃত্বকে ‘মাত্র এক হামলায়’ নির্মূল করা মার্কিন বাহিনীর পক্ষে সম্ভব। ট্রাম্পের ভাষায়, "তারা সবাই সেখানে (জানাজায়) উপস্থিত আছেন। মাত্র এক আঘাতেই আমরা তাদের সবাইকে শেষ করে দিতে পারি।" তবে তিনি এখনই এমন কোনো পদক্ষেপ নেবেন না উল্লেখ করে বলেন, যদি সবাইকে শেষ করে দেওয়া হয়, তবে ওয়াশিংটনের সাথে চুক্তি বা আলোচনার জন্য ‘কেউ অবশিষ্ট থাকবে না’। ট্রাম্প দাবি করেন, ইরানি কর্তৃপক্ষ বর্তমানে একটি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের কাছে মিনতি করছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, আয়াতুল্লাহ খামেনির দাফন ও শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই আলোচনা থেকে এক সপ্তাহের বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সময়ে কোনো পক্ষই অপর পক্ষের ওপর কোনো ধরনের সামরিক হামলা চালাবে না বলেও ট্রাম্প নিশ্চিত করেছেন। খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের চলমান চরম উত্তেজনার মধ্যে ট্রাম্পের এমন মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।