
বাংলার প্রতিচ্ছবি: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা এই আবেদনটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রেখেছেন।
মামলার আবেদনে মুহাম্মদ ইউনূস ছাড়াও তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, সি আর আবরার এবং প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করার আবেদন জানানো হয়েছে। আসামির তালিকায় আরও রয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, মাইলস্টোন স্কুলের গভর্নিং বডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী এবং অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমসহ রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হলে ৩৬ জনের মৃত্যু হয়, যাদের অধিকাংশই ছিল শিশু। ওই ঘটনার তদন্ত প্রতিবেদনে পাইলটের উড্ডয়ন ত্রুটির কথা উল্লেখ করা হলেও, নিহতের পরিবার এখন কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি সামনে এনে আইনি প্রতিকার দাবি করছে। এই মামলাটি ঢাকার আদালত পাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।