
বাংলার প্রতিচ্ছবি: নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টুয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। আইসিসির সবশেষ টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে সিরিজসেরা তাওহিদ হৃদয় ও বাঁহাতি পেসার শরীফুল ইসলামের।
কিউইদের বিপক্ষে সিরিজে দুই ইনিংসে ৮৪ রান করে সিরিজসেরা হওয়া তাওহিদ হৃদয় ব্যাটসম্যানদের তালিকায় ২ ধাপ এগিয়ে এখন ৩৭তম অবস্থানে রয়েছেন। হৃদয়ের পাশাপাশি উন্নতি হয়েছে অধিনায়ক লিটন দাসেরও। সিরিজের শেষ ম্যাচে ২৬ রানের ইনিংস খেলা লিটন ১ ধাপ এগিয়ে ৫২তম স্থানে উঠে এসেছেন। ব্যাটসম্যানদের এই তালিকায় যথারীতি শীর্ষে রাজত্ব করছেন ভারতের অভিষেক শর্মা।
বোলারদের তালিকায় সবচেয়ে বড় চমক দেখিয়েছেন পেসার শরীফুল ইসলাম। নিয়ন্ত্রিত ও মিতব্যয়ী বোলিংয়ে ব্রেকথ্রু এনে দেওয়া এই বোলার একলাফে ৯ ধাপ টপকে এখন ৫৪তম অবস্থানে। স্পিনারদের মধ্যে মেহেদী হাসান ১ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন। তবে এই সিরিজে না খেলায় ১ ধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমে গেছেন মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড শিবিরেও র্যাঙ্কিংয়ের ইতিবাচক প্রভাব দেখা গেছে। কিউই পেসার বেন সিয়ার্স ১০ ধাপ এগিয়ে ৫১ নম্বরে উঠে এসেছেন। অন্যদিকে, লেগ স্পিনার ইশ সোধি ৪ ধাপ এগিয়ে ৮৮তম স্থানে জায়গা করে নিয়েছেন। উল্লেখ্য, টি-টুয়েন্টিতে ১৬৫ উইকেট নিয়ে সোধি এখন নিউজিল্যান্ডের আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার।