প্রিন্ট এর তারিখঃ Apr 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 6, 2026 ইং
তারেক রহমানের সভাপতিত্বে আজ একনেকের প্রথম বৈঠক

বাংলার প্রতিচ্ছবি: দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। নতুন সরকার গঠনের পর এটিই একনেকের প্রথম সভা এবং প্রায় দুই দশক পর বিএনপি সরকারের নেতৃত্বে এই নীতিনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজকের সভায় অনুমোদনের জন্য মোট ১৯টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে ১৭টি প্রকল্প মূল তালিকায় রয়েছে, যার ৮টি নতুন এবং ৯টি সংশোধিত ও মেয়াদ বৃদ্ধির প্রকল্প। এ ছাড়া একনেক সভার টেবিলে সরাসরি আরও দুটি প্রকল্প (একটি নতুন ও একটি সংশোধিত) উপস্থাপনের কথা রয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। সভার তালিকায় উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের করতোয়া নদী সিস্টেম উন্নয়ন, আট বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টার স্থাপন, বাংলাদেশ সচিবালয়ে ২১ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ এবং বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প।
এবারের একনেক সভায় প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে মৌলিক কিছু পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বিলাসী বা কম গুরুত্বপূর্ণ প্রকল্পের চেয়ে চলমান কাজগুলো দ্রুত শেষ করার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে বর্তমান সরকার। এ ছাড়া একনেক সভার ভেন্যু নিয়ে এসেছে বিশেষ পরিবর্তন। সাধারণত আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হলেও, জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে এবার তা সচিবালয়ে স্থানান্তর করা হয়েছে।
আজকের সভায় অনুমোদনের জন্য উপস্থাপিত প্রকল্পগুলোর বাইরে পরিকল্পনামন্ত্রী কর্তৃক অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প একনেক সভাকে অবহিত করা হবে। এর মধ্যে সড়ক পরিবহন, গৃহায়ন ও গণপূর্ত, স্বরাষ্ট্র, পানিসম্পদ, মৎস্য ও প্রাণিসম্পদ এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কাজ রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সরকারের এই প্রথম একনেক বৈঠকের মধ্য দিয়ে দেশের ঝিমিয়ে পড়া উন্নয়ন কর্মকাণ্ডে নতুন প্রাণের সঞ্চার হবে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল অঞ্চলের সড়ক ও সামাজিক অবকাঠামো উন্নয়নে বড় ধরনের বরাদ্দ আসার সম্ভাবনা রয়েছে। ওদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ১৭০টি নগর স্বাস্থ্যনীড় স্থাপনের একটি মেগা প্রকল্পও আজ অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি