প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 31, 2026 ইং
সমালোচিত আওয়ামী আমলের পাইপলাইনে ভারত থেকে আমদানি ২২ হাজার টন ডিজেল

বাংলার প্রতিচ্ছবি: সমালোচিত আওয়ামী আমলের পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে ৭ হাজার টন ডিজেলের নতুন একটি চালান। এর ফলে সদ্য সমাপ্ত মার্চ মাসে ভারত থেকে মোট ২২ হাজার টন ডিজেল আমদানি করল বাংলাদেশ সরকার। আজ মঙ্গলবার সকাল ৯টায় এই চালানটি ডিপোতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী।
ডিপো সূত্রে জানা গেছে, গত শনিবার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ ১৪৬ ঘণ্টা সময় নিয়ে নিরবচ্ছিন্নভাবে পাইপলাইনের মাধ্যমে প্রবাহিত হয়ে মঙ্গলবার সকালে তা পার্বতীপুর রেলহেড ডিপোর ট্যাংকে জমা হয়। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং উত্তরাঞ্চলে ডিজেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার এই আমদানি কার্যক্রম অব্যাহত রেখেছে।
এর আগে গত ১১ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার টন ডিজেল পার্বতীপুর ডিপোতে আসে। পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় দফায় আরও ১০ হাজার টন ডিজেল আমদানি করা হয়। সর্বশেষ এই ৭ হাজার টনের চালানটি যুক্ত হওয়ায় মার্চ মাসে মোট চার ধাপে সর্বমোট ২২ হাজার টন ডিজেল বাংলাদেশে প্রবেশ করল।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রেল বা সড়ক পথের চেয়ে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আনয়ন অনেক বেশি সাশ্রয়ী ও নিরাপদ। বিশেষ করে উত্তরাঞ্চলের ১৬ জেলায় সেচ মৌসুম ও অন্যান্য প্রয়োজনে ডিজেলের চাহিদা মেটাতে এই আমদানিকৃত তেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার এই পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে জ্বালানি আমদানি অব্যাহত রাখার পরিকল্পনা গ্রহণ করেছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি