প্রিন্ট এর তারিখঃ Mar 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 9, 2026 ইং
মিরপুরে বহুতল ভবনের আগুন, উদ্ধার ২৪ জন

বাংলার প্রতিচ্ছবি : রাজধানীর মিরপুর-২-এ স্টেডিয়ামের বিপরীত পাশে ১১তলা বিশিষ্ট ‘এলকে ভবন প্লাজা’র অর্কাস গ্লাম বার এন্ড রিভাইব স্পা নামক একটি বিউটি পার্লারে আগুনের ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৩টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এ সময় ভবনটি থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীসহ মোট ২৪ জনকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) মামুনুর রশীদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে ভবনের চতুর্থ তলায় বিউটি পার্লারে আগুন লাগে। খবর পাওয়ার পরপরই মোহাম্মদপুর, কল্যাণপুর ও মিরপুর স্টেশন থেকে সাতটি ইউনিট ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল ৩টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, উদ্ধার ২৪ জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ভবনের ভেতরে আটকে পড়া আর কেউ নেই বলে নিশ্চিত করেন তিনি।
মামুন রশিদ জানান, বিউটি পার্লারটি আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে সাধারণ প্রসাধনী সামগ্রী ছাড়া অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। তবে অগ্নিনির্বাপণ যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) থাকা সত্ত্বেও তা ব্যবহার করা হয়নি।
তিনি বলেন, ‘প্রাথমিক অবস্থায় ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করলে হয়তো শুরুতেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। সাধারণত দেখা যায়, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা থাকলেও বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং লড়াই না করে কেবল আত্মরক্ষার চেষ্টা করেন।’
ঈদের আগে দিনের বেলায় এই দুর্ঘটনা ঘটলেও আগুন লাগার প্রাথমিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ঘটনার সময় পার্লার বা ভবনের দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া না যাওয়ায় তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে। বর্তমানে ভবনজুড়ে প্রচুর ধোঁয়া থাকায় উদ্ধারকর্মীরা সতর্কতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পার্লারের একজন কর্মকর্তা বলেন, "এসির বাইরের অংশে তিনি আগুন লেগেছে দেখেছেন। তারপর মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে, এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়"
পার্লারের মালিকের মোবাইল এ যোগাযোগ করে তাকে পাওয়া যায় নাই।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি