প্রিন্ট এর তারিখঃ Mar 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2026 ইং
নির্বাচনী ফল নিয়ে আপত্তি: বাগেরহাট–১ আসনের ভোট পুনর্গণনার আদেশ

বাংলার প্রতিচ্ছবি: প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট–১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি শেখ জাকির হোসেনের একক নির্বাচনী ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন। নির্বাচনের ফলাফল নিয়ে করা আবেদনের শুনানি শেষে আদালত এই নির্দেশনা প্রদান করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল প্রায় ৩ হাজার ৩৭৬ ভোট।
চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট—এই তিনটি উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট–১ সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি। নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি ও পুনর্গণনার দাবির প্রেক্ষিতে আদালতে আবেদন করা হলে বিষয়টি শুনানি শেষে হাইকোর্ট ভোট পুনর্গণনার নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জয় পেয়েছে জামায়াতে ইসলামী। এর মধ্যে বাগেরহাট–২ (সদর ও কচুয়া) আসনে শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং বাগেরহাট–৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে দলটির প্রার্থী আব্দুল আলিম বিজয়ী হয়েছেন। অপরদিকে বাগেরহাট–৩ (রামপাল–মোংলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোট পুনর্গণনার কার্যক্রম সম্পন্ন করা হবে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি