প্রিন্ট এর তারিখঃ Feb 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
বাগেরহাটে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫০ হাজার

বাংলার প্রতিচ্ছবি. বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের দক্ষিণ শৈলদাহ গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র। অভিযানে সাহেব সরদারের ছেলে নুরুন্নবী সরদার (৩২) অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র স্থানীয় সাংবাদিকদের জানান, জরিমানা আরোপের আগে অভিযুক্ত ব্যক্তিকে বালু উত্তোলন সংক্রান্ত প্রচলিত আইন, অপরাধের প্রকৃতি এবং এর সম্ভাব্য শাস্তি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে কেউ জড়িত হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
অভিযান চলাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রশাসনের এ ধরনের পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি