প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 29, 2026 ইং
এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না: নাহিদ ইসলাম

বাংলার প্রতিচ্ছবি: 'এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না' বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পোস্ট অফিস রোডে এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ বলেন, 'একটি দল জাতির সঙ্গে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না। লুটপাট ও অর্থপাচারের পরিকল্পনা করা হচ্ছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অর্থনীতি চাঙা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে৷ এর আগে দুর্বৃত্তদের রাজনীতি ধ্বংস করতে হবে৷'
বিএনপির নানাবিধ সমালোচনা করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে শাপলা কলি এবং গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন প্রত্যাশা করেন৷
দলটির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বক্তব্যে নরসিংদীসহ সারা দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানের ওপর জোর দিয়ে নানা প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, 'যারা আবারো আওয়ামী লীগ হতে চায়, আওয়ামী লীগকে যারা ফেরাতে চায়, আগামী ১২ তারিখ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আমরা তাদেরকে বিতাড়িত করবো।'
তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ গত ১৭ বছরে যে খুন, গুম ও চাঁদাবাজি করেছে, আরেকটা দল ১৭ মাসেই সে একই ধরনের অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে। আমরা জুলাইয়ে সবাই একত্রিত হয়ে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম। আবার নির্বাচনকে কেন্দ্র করে ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় যাদের কষ্ট হয়, নিষিদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক মিডিয়ায় বক্তব্য দেয়, তাদেরকে ভোটের মাধ্যমে বিতাড়িত করবো।'
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি