প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 28, 2026 ইং
সুদের বোঝায় ভেঙে পড়া পরিবারগুলোর মানববন্ধন সংখ্যালঘু ও অসহায় মানুষের ন্যায়বিচারের দাবি

বাংলার প্রতিচ্ছবি (বাগেরহাট প্রতিনিধি):
সুদে টাকা দিয়ে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে অসহায় ও সংখ্যালঘু মানুষদের সর্বস্বান্ত করার অভিযোগে বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। অভিযুক্ত হানিফ শিকদার (পিতা: মালেক শিকদার) এর বিরুদ্ধে দোকান, বাড়ি ও ঘের দখলের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
বেন্নাবাড়ী, সোনাখালী, নতুনকালশিরা ও রুইয়ারকুল এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ভুক্তভোগী সমাপ্তি বিশ্বাস (স্বামী: মিলন বালা) বলেন, তিনি ৫০ হাজার টাকা ঋণ নিলেও চেক ও স্ট্যাম্পে স্বাক্ষরের মাধ্যমে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করেছেন।
আরেক ভুক্তভোগী আরতি বিশ্বাস (স্বামী: মৃত অশোক বিশ্বাস) বলেন, তিনি ৪০ হাজার টাকা নিয়ে ৪৩ হাজার টাকা পরিশোধ করেছেন।
সুভাষ মণ্ডল (পিতা: মৃত শুরেন্দ্রনাথ মণ্ডল) অভিযোগ করেন, ৫০ হাজার টাকা ঋণের বিপরীতে তাকে ৪ লাখ ৫০ হাজার টাকা দিতে হয়েছে।
অপূর্ব অধিকারী (পিতা: অনীল অধিকারী) জানান, ৮০ হাজার টাকা নিয়ে তিনি ৫ লাখ টাকা পরিশোধ করেছেন।
সুমন বালা (পিতা: মৃত নরেন্দ্রনাথ বালা) বলেন, ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে তাকে ৪ লাখ ৩০ হাজার টাকা দিতে হয়েছে।
অনুপম বালা (পিতা: নরেন্দ্রনাথ বালা) জানান, ১ লাখ টাকা ঋণের বিপরীতে ২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেছেন।
অসীম বিশ্বাস (পিতা: মৃত নগেন্দ্রনাথ বিশ্বাস) অভিযোগ করে বলেন, ৬০ হাজার টাকা নিয়ে ৪ লাখ টাকা পরিশোধ করলেও অভিযুক্ত ব্যক্তি তার চেক ও স্ট্যাম্প ফেরত দেননি। উল্টো তার দোকানঘর দখল করে নিয়েছেন।
রাধিকা মজুমদার (স্বামী: মৃত প্রভাষ মজুমদার) বলেন, তিনি ৬০ হাজার টাকা নিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করেছেন এবং এর স্বাক্ষী রয়েছেন।
ভুক্তভোগীদের বাড়ি বেন্নাবাড়ী, সোনাখালী, নতুনকালশিরা ও রুইয়ারকুল এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত বলে জানা গেছে।
মানববন্ধনে উপস্থিত স্থানীয় বিএনপি কর্মী দিলীপ বিশ্বাস (পিতা: নগেন বিশ্বাস) বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ সত্য। তিনি বলেন, গ্রামের অসহায়, অজ্ঞ ও বিপদগ্রস্ত মানুষদের কাছ থেকে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে উচ্চ সুদে টাকা দিয়ে পরে তাদের জমিজমা ও সম্পদ দখল করা হচ্ছে।
রুইয়ারকুল এলাকা থেকে আগত মাহাবুব মোল্লা (পিতা: মৃত হাবিব মোল্লা) বলেন, তারা দীর্ঘদিন ধরে এসব ঘটনা সম্পর্কে জানেন এবং অভিযোগগুলো সত্য।
সোনাখালী গ্রামের বাসিন্দা ও সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল শেখ (পিতা: মৃত নুরুল শেখ) বলেন, একাধিকবার তার কাছে এ বিষয়ে অভিযোগ এসেছে। তবে অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় তিনি কার্যকর কোনো সমাধান দিতে পারেননি।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, দখলকৃত সম্পত্তি উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত হানিফ শিকদারের বক্তব্য পাওয়া যায়নি।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি