প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 27, 2026 ইং
ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ সোহরাওয়ার্দী হাসপাতালে

বাংলার প্রতিচ্ছবি: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসার কারণে হাবিবা নামে সাত বছর বয়সি এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ভুল চিকিৎসা দেওয়ার দায়ে সংশ্লিষ্ট নার্স পলাতক রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার পর হাসপাতালের দ্বিতীয় তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি চলতি মাসের ১৭ জানুয়ারি প্রফেসর নুরুল্লাহর অধীনে চিকিৎসার জন্য ভর্তি হয়। নিয়ম অনুযায়ী অপারেশনের আগে ইনজেকশন দেওয়া হয় অপারেশন থিয়েটারে। তবে সিনিয়র স্টাফ নার্স ইয়াসিন নিয়ম অমান্য করে শিশুটিকে ওয়ার্ডেই ইনজেকশন দেন। কী ধরনের ইনজেকশন দেওয়া হয়েছিল তা হাসপাতাল পরিচালক তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
নিহত শিশুর বাবা কামরুজ্জামান অভিযোগ করে বলেন, আমার সুস্থ-সবল মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছিলাম। আজ সে হাসপাতালের বেডেই মৃত। মেয়ের আঙুল বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে অপারেশন হওয়ার কথা ছিল। শারীরিক কোনও জটিলতা ছিল না। ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন বলেন, নার্সের ভুল ইনজেকশনের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। এটি একটি অপরাধ, কী ধরনের ইনজেকশন দেওয়া হয়েছিল তা এখনও জানা যায়নি। পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্ত নার্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি শিশুটির পরিবারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, ঘটনার পরপরই নার্স পালিয়ে গেছে। হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং নার্সকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শিশুর বাবা থানায় এসে অভিযোগ করেছেন। আমরা তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি এবং লিখিত অভিযোগ দিতে বলেছি। বিষয়টি আইনানুগভাবে সমাধান করা হবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি