প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 25, 2026 ইং
বগুড়ায় ৫০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষনা

বাংলার প্রতিচ্ছবি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনের ৯৮৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫০০টি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে শাজাহানপুর উপজেলায় সর্বোচ্চ ৭৫ কেন্দ্রের মধ্যে ৪৬টি অধিক ঝুঁকিপূর্ণ। সবচেয়ে কম গাবতলীতে একটি ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণের সুবিধার্থে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়া ডিএসবি সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য বগুড়ার সাতটি সংসদীয় আসনের সবগুলো ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। সাতটি আসনের ৯৮৩টি কেন্দ্রে এবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট কক্ষ রয়েছে পাঁচ হাজার ৪৭৮টি। এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র পাঁচ হাজার ১৪৮টি ও অস্থায়ী ৩৩০টি। সেগুলোর মধ্যে ১৯০টি অধিক ঝুঁকিপূর্ণ (অধিক গুরুত্বপূর্ণ), ৩১০টি ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ও ৪৮৩টি সাধারণ কেন্দ্র রয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এসব আসনে ভোটার রয়েছেন মোট ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন ও নারী ১৫ লাখ এক হাজার ২৭ জন। হিসাবে নারী ভোটার বেশি রয়েছেন ২০ হাজার ১৫৬ জন।
জেলা ডিএসবি সূত্র জানায়, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের অন্তর্ভুক্ত সোনাতলা উপজেলায় মোট ৫৪টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ দুটি, ঝুঁকিপূর্ণ ৩১টি ও সাধারণ কেন্দ্র ২১টি। সারিয়াকান্দি উপজেলায় ৭২টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ১৫টি, ঝুঁকিপূর্ণ ১৬টি ও সাধারণ কেন্দ্র ৪১টি।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের অন্তর্ভুক্ত শিবগঞ্জ উপজেলায় মোট ১১৪টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ২৬টি, ঝুঁকিপূর্ণ চারটি ও সাধারণ কেন্দ্র ৮৪টি।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের অন্তর্ভুক্ত আদমদীঘি উপজেলায় মোট ৬১টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ১৬টি, ঝুঁকিপূর্ণ ৩৪টি ও সাধারণ কেন্দ্র ১১টি। দুপচাঁচিয়া উপজেলায় ৫৭টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ছয়টি, ঝুঁকিপূর্ণ ৩৯টি ও সাধারণ কেন্দ্র ১২টি।
বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের অন্তর্ভুক্ত নন্দীগ্রাম উপজেলায় মোট ৪৯টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ নেই, ঝুঁকিপূর্ণ ১৮টি ও সাধারণ কেন্দ্র ৩১টি। কাহালু উপজেলায় ৬৫টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৩১টি, ঝুঁকিপূর্ণ ২৭টি ও সাধারণ কেন্দ্র সাতটি।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের অন্তর্ভুক্ত শেরপুর উপজেলায় মোট ৯৯টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৩০টি, ঝুঁকিপূর্ণ ১৬টি ও সাধারণ কেন্দ্র ৫৩টি। ধুনট উপজেলায় ৮৯টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ১২টি, ঝুঁকিপূর্ণ ৬৩টি ও সাধারণ কেন্দ্র ১৪টি।
বগুড়া-৬ (সদর) আসনের অন্তর্ভুক্ত সদর উপজেলায় মোট ১৫০টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ পাঁচটি, ঝুঁকিপূর্ণ ৪৮টি ও সাধারণ কেন্দ্র ৯৭টি।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের অন্তর্ভুক্ত গাবতলী উপজেলায় মোট ৯৮টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ একটি, ঝুঁকিপূর্ণ ১৪টি ও সাধারণ কেন্দ্র ৮৩টি। শাজাহানপুর উপজেলায় ৭৫টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ৪৬টি, ঝুঁকিপূর্ণ নেই ও সাধারণ কেন্দ্র ২৯টি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, ‘অধিক ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ কেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক সেনাসদস্য, র্যাব, পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। এ ছাড়া অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হতে পারে। ভ্রাম্যমাণ টিমও থাকবে।’
বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন, ‘অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে প্রশাসন।’
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি