প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 23, 2026 ইং
বিদ্যাদেবীর আরাধনায় উৎসবমুখর জলঢাকা সরকারি কলেজ প্রাঙ্গণ

বাংলার প্রতিচ্ছবি : উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জলঢাকা সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে বিদ্যাদেবী সরস্বতীর বাণী অর্চনা। শুক্রবার (২৩ জানুয়ারি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পূজায় অংশগ্রহণ করেন। এর আগে কলেজ প্রাঙ্গণে অস্হায়ী প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী। সাধারণত মাঘ মাসের পঞ্চমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। আদিপুরাণ অনুযায়ী, ব্রহ্মার মুখ থেকে সরস্বতীর উত্থান ঘটে। পূজার জন্য দেবীর মূর্তিকে শ্বেত বস্ত্র পরিধান করানো হয়, যা পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচিত।
পূজা উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির দর্শনার্থীর উপস্থিতিতে পূজা মণ্ডপে ছিল মুখর পরিবেশ। সকলের মুখে দেখা যাচ্ছিলো সুখ ও সমৃদ্ধির প্রার্থনা।
অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পুষ্পিতা রায় বলেন, “ক্যাম্পাসে সরস্বতী পূজা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। এটি আমাদের শিক্ষা ও সংস্কৃতির প্রতি আরও অনুপ্রাণিত করে। এটি বিদ্যার দেবীর আশীর্বাদ লাভের একটি মাধ্যম।”
পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ও জলঢাকা সরকারি কলেজের প্রভাষক নির্মল চন্দ্র রায় বলেন, “সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। যারা অঞ্জলি দিতে আসে, তারা মূলত বিদ্যার উন্নতি ও জ্ঞানের অগ্রগতির প্রত্যাশা নিয়ে আসে। এমন আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণ পারস্পরিক সৌহার্দ্যকে আরও দৃঢ় করে।”
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি